ভিসা আনতে গিয়ে তারকাদের আড্ডা
আমেরিকার জ্যামাইকাতে ৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০১৫ আসর। এতে পারফর্ম করতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের অনেক তারকা। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ, মডেল নায়লা নাঈম, মডেল ও উপস্থাপিকা পারিয়া লিমা ও সুপার হিরো খ্যাত তারকা নিলয়।
বুধবার এই তারকারা এ সংক্রান্ত জটিলতা মিটিয়ে ভিসা আনতে গিয়েছিলেন আমেরিকা অ্যাম্বাসীতে। সেখানে দেখা হয়ে গেলে একে অপরের সাথে। তারপর মাতলেন সবাই আড্ডায়। তুলে ফেললেন কিছু ছবিও। দিন শেষে সেই আড্ডার ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার দিলেন নায়লা নাঈম।
প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কে আয়োজন করা হচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০১৫। ৩রা মে নিউ ইয়র্কের জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে দেশীয় তারকাদের অংশগ্রহণে হচ্ছে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। উৎসব ডটকমের আয়োজনে এ অনুষ্ঠানটিতে অংশ নেবেন টিভি, চলচ্চিত্র এবং সংগীত অঙ্গনের একঝাঁক তারকা।
আর তাই ৩০শে এপ্রিল থেকে এ অনুষ্ঠানের উদ্দেশ্যে দেশ ছাড়া শুরু করবেন তারকারা। আবার অনেকেই আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে।
এবারের এ জমকালো আয়োজনে দেশীয় তারকাদের মধ্যে অংশ নেবেন কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নি, হৃদয় খান, ইমরান, লিজা, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, রোমানা, শখ, নিলয়, নায়লা, আরেফিন শুভ, জায়েদ খান, অভিনেত্রী সোনিয়া হোসেন, মীরাক্কেলের রনি, পারিহা লিমা।
বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ ও দিনাত জাহান মুন্নি। সেখানে বেশ কয়েকটি শোতে এরই মধ্যে অংশ নিয়েছেন তারা। এর বাইরে মডেল-অভিনেত্রী রোমানাও রয়েছেন সেখানে। বাকি তারকারা ৩০শে এপ্রিল নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
এলএ/আরআই