সালমান খানের মামলার চূড়ান্ত রায় আজ
গাড়ি চাপা দিয়ে একজনকে হত্যা ও চারজনকে জখম করার অভিযোগে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চূড়ান্ত রায় আজ ৬ মে ঘোষণা করবে সেশন কোর্ট।
২০০২ সালে সালমানের বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রায় অনিচ্ছাকৃতভাবে এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা ও চারজনকে জখম করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সালমান খানের ভাগ্যে কী আছে তা জানা যাবে আজই। এর মধ্যে সালমান আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছেন। এদিকে রায়কে সামনে রেখে সালমানের জন্য চলছে বিভিন্ন প্রার্থনা অনুষ্ঠান। এ অভিনেতার পরিবার এবং ভক্তরা এ সকল প্রার্থনার আয়োজন করেছেন।
এদিকে রায়কে সামনে রেখে কোর্টের সামনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে এ মামলা নিয়ে দুপক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত এ মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত নেন এবং রায়ের দিন ৬ মে ধার্য করেন। গত ২৭ মার্চ নিজের সপক্ষে জবানবন্দী দিয়েছিলেন সালমান। তিনি বলেছিলেন, সেদিন গাড়িটি তিনি নয় বরং তার গাড়ি চালক চালাচ্ছিলেন। বিষয়টি স্বীকারও করেছেন তার গাড়ি চালক অশোক সিং। তারপর এ মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর মামলার বিচারক ডিওয়াই দেশপান্ডে রায়ের দিন ধার্য করেন।
এআরএস/পিআর