সালমানের শাস্তি চান না ভুক্তভোগী
যে ঘটনায় দায়ের করা মামলায় বলিউড তারকা সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সে ঘটনার শিকার এক ভুক্তভোগী সালমান খানের শাস্তি চান না বলে জানিয়েছেন। ওই সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন আবদুল্লাহ শেখ নামের ওই ভুক্তভোগী। খবর এনডিটিভি।
খবরে বলা হয়েছে, ২০০২ সালে ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ২২ বছর। পা হারিয়ে জীবনের অনেক কিছুর সঙ্গে হারিয়েছেন উপার্জন ক্ষমতাও। অথচ তিনি চান না সালমানের শাস্তি হোক। তবে শাস্তি না চাইলেও ক্ষতিপূরণ চান আবদুল্লাহ।
এনডিটিভিকে আবদুল্লাহ শেখ বলেন, আমরা অবশ্যই ক্ষতিপূরণ চাই। কিন্তু সালমানকে শাস্তি দিলে বা জেলে পাঠালে তো আমার জীবনের ১৩টি বছর ফিরে পাব না। তাই এখন আর তার শাস্তি চাই না।
উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর বলিউড নায়ক সালমান খানের সাদা রঙের ল্যান্ড ক্রুজার বান্দ্রার ফুটপাতে ঘুমিয়ে থাকা পাঁচ ব্যক্তিকে চাপা দেয়। এতে একজনের মৃত্যু ও চারজন আহত হয়। এঘটনায় পুলিশ সালমানের রক্ত পরীক্ষা করে এবং তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্তি পেলেও বুধবার তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।
এএইচ/পিআর