প্রকাশ হলো এলিটা করিমের প্রথম একক
অনেক দিন ধরেই গান করছেন। পেয়েছেন জনপ্রিয়তা ও পরিচিতিও। কিন্তু নিজের কোনো একক অ্যালবাম ছিলো না কণ্ঠশিল্পী এলিটা করিমের। গেল রোববার প্রকাশ হলো এ জনপ্রিয় গায়িকার প্রথম একক অ্যালবাম ‘এলিটা’।
রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘এলিটা’শিরোনামের এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২০০৯ সালে কাজ শুরু হওয়া এই অ্যালবামের মিউজিক করেছেন ফুয়াদ, অদিত, সন্ধি, পলাশ ও শাকের। গান লিখেছেন অনিক খান, সন্ধি ফুয়াদ, রবিউল ইসলাম জীবন ও আব্দুর রেহমান।
প্রসঙ্গত, এলিটা তার সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন ব্ল্যাক ব্যান্ড’র প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’র মিথ্যা গান দিয়ে। এর পরে তার অনেকগুলো ডুয়েট ও মিক্সড অ্যালবাম বের হলেও কোন একক অ্যালবাম বের হয়নি।
এলিটার প্রকাশ পাওয়া কিছু অ্যালবাম হচ্ছে কেয়া পাতার নৌকো, নির্বাচিতা, নিমন্ত্রণ, অন্তহীন, অকারণ, আই লাভ ইউ, একলা প্রথম ইত্যাদি। তার গাওয়া কিছু জনপ্রিয় গান হৃদয়, তুমি ভরেছ এ মন, কথা ছিল দেখা হবে, মরে যাই, নিঝুম রাত, স্পর্শের বাইরে তুমি, ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম, সবাই জানে, কি হয়, চিন্তা লোকে ইত্যাদি।
সঙ্গীত শিল্পী ও সাংবাদিকতার পাশাপাশি তিনি মুকিম ব্রাদারস ও হোয়াই সো সিরিয়াস নাটকে অভিনয়ও করেছেন।
এলএ/আরআইপি