দুই ভিডিও গান নিয়ে রাজিব
সিডি চয়েসের ব্যানারে গত ভালোবাসা দিবসে প্রকাশিত হয় রাজিব হোসাইনের প্রথম একক অ্যালবাম ‘বলনারে তুই’। শেখ সুমন এমদাদের কথায় রাজিবের সুর, সঙ্গীতায়জন এবং গায়কীতে প্রকাশিত হয় এই অ্যালবাম।
অ্যালবামটিতে শ্রোতারা রাজিবকে পায় একজন পরিপূর্ণ গায়ক হিসেবে। এই অ্যালবামে রাজিবের সাথে দ্বৈতগানে কন্ঠ দিয়েছেন স্বরলিপি ও নাজু। এবার রাজিব এই অ্যালবামের দুই গানের ভিডিও নিয়ে দর্শক শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন।
ঢাকার বিভিন্ন মনোরোম লোকেশনের নির্মিত এই গান দু`টি পরিচালনা করেছেন হালের জনপ্রিয় মিউজিক্যাল মুভি নির্মাতা এস এম তুষার। ‘বলনারে তুই’ গানটির মডেল হয়েছেন রাজিব নিজেই। আর ‘দুর অজানায়’ শিরোনামের গানে মডেল হয়েছেন জেরিন এবং জয়।
একসাথে দুই গানের ভিডিও প্রসঙ্গে রাজিব বলেন, ‘বলনারে তুই অ্যালবামটি বাজারে ছাড়ার পর শ্রোতারা এর বেশ কয়েকটি গান দারুণ পছন্দ করে। যার কারণেই এই দুইটি গান একসাথে ভিডিও করলাম। সামনে আরও যে শ্রোতাপ্রিয় গান আছে সেগুলোরও ভিডিও ছাড়া হবে। শ্রোতাদের কথা চিন্তা করেই আমার এই প্রয়াস।’
এলএ/পিআর