সেলিব্রেটি ক্রিকেটার ব্যস্ত সুজানা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৮ জুন ২০১৫

কথায় বলে যিনি রাধেন ভালো তিনি চুলটাও ভালো বাঁধতে জানেন। অন্যদের খবর জানিনা, আমাদের প্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা কিন্তু অনেক গুণেই সমৃদ্ধ।

এ মুহূর্তে পার করছেন ক্যারিয়ারের সেরা ব্যস্ততার সময়। আসন্ন ঈদের জন্য নির্মিত একাধিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। শেষ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেরও কাজ। পাশাপাশি অভিনয় করছেন মাছরাঙ্গায় প্রচারিত ‘অপূর্বা’ ও রহমতুল্লাহ তুহিনের `গন্তব্য নিরুদ্দেশ` ধারাবাহিকে।

তার ভিড়েই পাওয়া গেল এই অভিনেত্রীর নতুন পারিচয়। সেটি হলো সুজানা একজন ক্রিকেটারও। সম্প্রতি শুরু হয়েছে ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট লীগ। সেখানে তিনি খেলছেন প্রাণ আরএফএল’র পৃষ্ঠপোষকতায় টিম ভিশনের হয়ে।

এ প্রসঙ্গে সুজানা জাগো নিউজকে বলেন, ‘আমার প্রথম পছন্দের খেলা ফুটবল। তবে নিজের দেশের এই খেলাটিতে আন্তর্জাতিক অঙ্গণে তেমন সম্পৃক্ততা নেই। এদিক থেকে বিশ্বজুড়ে ক্রিকেটের কল্যাণে আমাদের অনেক প্রাপ্তি। তাই আর সবার মতো আমিও ক্রিকেট ভালোবাসি।

এবার টিম ভিশনের সুবাদে ক্রিকেট খেলবও। আমি বিষয়টি খুব উপভোগ করছি। দুইদিন অনুশীলনে অংশ নিয়েছি। সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারসহ নীরবম আরেফিন রুমিদের নিয়ে আমাদের দলটা বেশ ভালো হয়েছে। আশা করছি আমারা চ্যাম্পিয়ন হবো। সবাই দুয়া করবেন।’

এদিকে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কিছু ঈদের নাটকে কাজ করেছি। আরো কিছু নাটকের কাজ হাতে আঝে। নতুন কাজের প্রস্তাব পাচ্ছি নিয়মিত। এছাড়া বিজ্ঞাপনেরও কিছু প্রস্তাব রয়েছে। এ মুহূর্তে একটু বেছে বেছে কাজ করছি।’

উল্লেখ্য, হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক মাস অভিনয়ের বাইরে ছিলেন এই অভিনেত্রী। এবার নতুন উদ্যমে পথ চলা শুরু করেছেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।