পরিণীতি চোপড়ার অনুষ্ঠানে সংঘর্ষ


প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৬ জুন ২০১৫
ছবি : ফেসবুক থেকে সংগৃহিত

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার ফ্যাশন শো’তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিণীতির সামনেই সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন অনলাইন পোর্টাল বিডি নিউজের সংবাদকর্মী জয়ন্ত সাহা, তানজিল আহমেদ জনি ও অপর সাংবাদিক রেজাউল করিম। হামলার হাত থেকে বাদ যায়নি দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়ার উপস্থিত সাংবাদিকরা।  এসময় হামলার শিকার হন প্রথম আলো, বাংলা মেইল, বাংলা ট্রিবিউনসহ বেশ কিছু গণমাধ্যমের সংবাদকর্মীরা।

উপস্থিত এক সাংবাদিক ঘটনার বিবরণে বলেন, ‘সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকরা ভেতরে ঢুকতে চাইলে প্রথমে বাধা দেওয়া হয়। কারণ চানতে চাইলে তর্ক শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী। এরপর পেছন থেকে অনুষ্ঠানের আযোজক গ্রিন অ্যাপল কমিউনিকেশনস-এর এক কর্মকর্তা বলেন, কাউকে ঢুকতে দেওয়া হবে না। তার কাছে কারণ জানতে চাইলে তিনি বলেন, টিভি ক্যামেরা ও কয়েকজন ফটোগ্রাফার ভেতরে নিয়েছি। আর নেওয়া সম্ভব নয় কারণ প্রেস কনফারেন্সের জন্য বড় জায়গায় আয়োজন করা সম্ভব হয়নি।’

ওই সাংবাদিক বলেন, ‘এক পর্যায়ে গ্রিন অ্যাপল কমিউনিকেশনস-এর সেই কর্মকর্তা বলেন বেশি কথা বললে লাঠিচার্জ করা হবে। এর পরপরই বিডি নিউজের জয়ন্ত সাহার জামার কলার ধরে সামনে টেনে নিয়ে যাওয়া হয়। লাঠি দিয়ে তার ঘাড়ে ও পায়ে আঘাত করতে থাকে নিরাপত্তাকর্মীরা। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন অন্য সংবাদকর্মীরা। তখন কেউ যেন ছবি তুলতে না পারে এ জন্য প্রথমে ক্যামেরায় আঘাত করা হয়। পরে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা।’

অনুষ্ঠানের আয়োজক গ্রিন অ্যাপল কমিউনিকেশনস-এর ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।