কেবল আয়নাবাজিতেই চঞ্চল!
গেল কয়েক বছরে ঈদ মানেই চঞ্চল চৌধুরীর নানা অনুভূতির নাটক। প্রায় প্রতিটি চ্যানেলেই তিনি হাজির থাকেন দর্শকদের মন রাঙাতে, ঈদের আনন্দ দিতে। এবার তার ভক্তরা বুঝি মন খারাপই করবেন! কারণটি হলো, আসছে ঈদে তেমন করে নাটকে কাজ করতে দেখা যাবে না সবার প্রিয় এ অভিনেতাকে।
জানা গেছে, নির্মাণাধীণ চলচ্চিত্র আয়নাবাজিতে অভিনয়ের কারণে এবারে নাটকে অভিনয়ের সুযোগ পাননি এই অভিনেতা। ঈদের জন্য মাত্র দু`টি নাটকে অভিনয় করেছেন তিনি। একটি খণ্ড ধারাবাহিক ইয়ার আলীর নতুন বউ, অন্যটি এক ঘণ্টার নাটক সন্তান।
চঞ্চল চৌধুরী জানালেন, অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি চলচ্চিত্রের শুটিং শুরুর পর থেকেই নাটকের কাজ বাদ দিয়ে চলচ্চিত্রে মনোযোগী হয়েছেন।
প্রসঙ্গত, এ মাসেই শুরু হয়েছে আয়নাবাজির শুটিং। তবে ছবির শুটিং শুরুর আগেই ঈদের দু`টি নাটকের কাজ সেরে নেন চঞ্চল।
আয়নাবাজির শুটিংয়ের আগে থেকেই নিজেকে এর জন্য প্রস্তুত করছিলেন চঞ্চল। তিনি জানান, প্রায় একমাস ছবির জন্য ওয়ার্কশপ ও রিহার্সেল করেছেন। চরিত্রের প্রয়োজনে ওজন ১০ কেজি কমাতে হবে তার। এ জন্য এক মাস ধরে ভাত খাচ্ছেন না তিনি। প্রশিক্ষক প্রতিদিন দুই ঘণ্টা করে ব্যায়ামও করাচ্ছেন বলে জানান চঞ্চল।
এলএ/এমএস/এসআরজে