সুপারহিরো অমিতাভ বচ্চন


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৭ জুন ২০১৫

দুনিয়াজুড়ে পর্দার সুপারহিরোদের জয়জয়কার। মূলত এই হিরোরা সবাই হলিউড থেকেই আমদানিকৃত। এশিয়াতে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা চালিয়েছেন সুপারহিরো হয়ে আবির্ভুত হতে। তবে কৃশ চরিত্রটি দিয়ে হৃত্বিক রোশন এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো পরিণত হয়েছেন।

এবার সুপারহিরোর খাতায় নাম লেখাতে চলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ১৯৮০-র দশকে ‘সুপ্রিমো’ নামের এক ‘কমিক-বুক’ সুপার হিরো বাজারে এসেছিল। ভারতীয় সেই সুপারহিরো ছিলেন সেই সময়ের সুপারস্টার অমিতাভ বচ্চন। তার পরে সময় যত গড়িয়েছে, সুপ্রিমো চলে গিয়েছে স্মৃতির আড়ালে। এত দিন পরে সুপ্রিমো-র মেমরিকে কি ফের জাগিয়ে তুলল ‘অ্যাস্ট্রা ফোর্স’?

‘অ্যাস্ট্রা ফোর্স’ নামের ৫২ পর্বের এক অ্যনিমেটেড সিরিজ ডিজনি চ্যানেলে দেখা যাবে ২০১৭ থেকে। এতে ‘অ্যাস্ট্রা’-র চরিত্রটি বিগ বি-র আদলে তৈরি। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছেন ‘অ্যাস্ট্রা ফোর্স’-এর কথা।

ডিজনি ইন্ডিয়ার কর্ণধার সিদ্ধার্থ রায় কপূর জানিয়েছেন, ‘অ্যাস্ট্রা ফোর্স-এর ভেতরে ভারতীয় ভাব এ দেশের খুদে দর্শকদের পছন্দকে মাথায় রেখেই তৈরি।’

আজ থেকে কয়েক হাজার বছর আগে ‘অ্যাস্ট্রা’ নামের এক পৌরাণিক সুপার হিরো অনেক আলোকবর্ষ দূরের এক জগৎ থেকে পৃথিবীতে এসে এক মহাকাশ যুদ্ধ জয়ের পর ঘুমিয়ে পড়ে। ৮ বছরের দুই যমজ ভাই-বোন সেই মহাজাগতিক শীতঘুম থেকে জাগায় ‘অ্যাস্ট্রা’-কে। বড়দের থেকে লুকিয়ে রেখে আধুনিক পৃথিবীর রকম-সকম তাকে শেখায় তারা।

‘অ্যাস্ট্রা’ বিভিন্ন বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে থাকে। কিন্তু এই পৌরাণিক সুপারহিরোর কিছু দুর্বলতাও আছে। মিষ্টিতে তার ভয়ানক আসক্তি। এই ধারায় চলবে ‘অ্যাস্ট্রা’-র কাহিনি।

ডিজনি ইন্ডিয়ার সঙ্গে এই প্রকল্পের পার্টনার গ্রাফিক ইন্ডিয়া। এই সংস্থার সিইও শরদ দেবরাজনের মতে, অমিতাভ কোটি কোটি ভারতীয়ের চোখে বাস্তবের সুপারহিরো। তাই ‘অ্যাস্ট্রা ফোর্স’-কে পাওয়া যাবে প্রিন্টেও।
 
এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।