আবারো গাড়িওয়ালার আমেরিকা জয়


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৭ জুন ২০১৫

আরো একটি সাফল্যের পালক যোগ হলো সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রের গায়ে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত সপ্তম ট্রেনটন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘নেরেটিভ ফিচার, অনারেবল মেনশন’ পুরস্কার জিতে নিয়েছে আশরাফ শিশির পরিচালিত ছবিটি।

গেল ১১ জুন শুরু হয়ে এই উৎসব হয়েছে ১৪ জুন পর্যন্ত। এতে ১৬টি দেশের ৫৩টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পায়।

এর আগেও যুক্তরাষ্ট্রের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবিটি। এ ছাড়া অংশ নিয়েছে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে।

‘গাড়িওয়ালা’র গল্প দুই ভাই ও তাদের মাকে ঘিরে। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবনসংগ্রামে বিপর্যস্ত মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট শিশুর সমর্থ পুরুষ হয়ে ওঠার গল্প নিয়ে এগিয়ে যায় কাহিনী।

অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আরজে মুকুল, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, ইদ্রিস আলী, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। সংগীত পরিচালনায় করেছেন রাফায়েত নেওয়াজ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।