বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘শেষসীমা’ অতিক্রম না করার সতর্কতা দিয়েছে ইরান সরকার। দেশজুড়ে চলমান নতুন বিক্ষোভের প্রেক্ষাপটে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা দেয় দেশটি।
গত সপ্তাহের শেষে নতুন সেমিস্টার শুরুর সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ফের সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেন। এসময় তারা গত জানুয়ারিতে তুঙ্গে ওঠা সরকারবিরোধী আন্দোলনের সব স্লোগান উচ্চারণ করেন। ওই আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অভিযান চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলার সময় তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ১৯৭৯ সালের বিপ্লবের পর গৃহীত ইরানের পতাকা আগুনে পোড়ায়। এমন ভিডিও জিওলোকেট করে নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদের অধিকার আছে, কিন্তু তাদের ‘শেষসীমা বুঝতে হবে।’ তিনি বলেন, পতাকা সেইসব ‘শেষসীমার’ একটি, যা আমাদের রক্ষা করতে হবে ও কোনোভাবেই এ ধরনের সীমা অতিক্রম করা যাবে না। ক্ষোভের চরম মুহূর্তেও নয়।
মোহাজেরানি বলেন, ইরানের শিক্ষার্থীরা ‘হৃদয়ে ক্ষত’ নিয়ে বাঁচছে ও এমন দৃশ্য দেখেছে যা তাদের কষ্ট ও ক্ষোভ বাড়াতে পারে। এই ক্ষোভ বোধগম্য। তিনি আরও জানান, বিক্ষোভের “কারণ ও উপাদান” তদন্তে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে এবং তারা প্রতিবেদন দেবে।
গত ডিসেম্বরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে ও ৮-৯ জানুয়ারিতে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যা ইরানি নেতাদের জন্য বহু বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করে। এই অস্থিরতা দমনে সরকারি বাহিনী কঠোর অভিযান চালায়, যাতে প্রাণ হারায় হাজারো মানুষ।
সূত্র: এএফপি
এসএএইচ