ভারি বৃষ্টিতে ব্রাজিলে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভূমিধসের পর ব্রাজিলের জুইজ দে ফোরা শহরে ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া একটি মরদেহ বের করে আনছেন ফায়ার সার্ভিসের সদস্যরা/ ছবি: এএফপি

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪০ জনেরও বেশি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (২৩) থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে প্রদেশটির বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জুইজ দে ফোরা পৌরসভা। এখানে কমপক্ষে ১৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সেলাইকার লিভিয়া রোসা নামে ৪৪ বছর বয়সী নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমার কয়েকজন আত্মীয় কাদার নিচে চাপা পড়েছেন। আমরা গত রাত থেকে এখানে রয়েছি, দেখতে যে তারা মাটির নিচে বেঁচে আছেন কিনা। আশাই শেষ ভরসা।

বন্যার প্রাথমিক চিত্রে দেখা গেছে, জুইজ দে ফোরা শহরের একটি নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কাদা ও কাদা-মিশ্রিত পানিতে পুরো শহর প্লাবিত হয়েছে। এখান থেকে কমপক্ষে ৪৪০ জন মানুষকে নিরাপদে স্থানান্তরিত করা হয়েছে। শহরটি রিও ডি জেনেরিও থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে অবস্থিত। আর নিকটবর্তী উবা শহরেও সাতজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

জুইজ দে ফোরা পৌরসভার মেয়র মার্গারিডা সালোমাও জানিয়েছেন, মিনাস জেরাইস প্রদেশটি ফেব্রুয়ারি মাসের সবচেয়ে ভারী ও রেকর্ডভঙ্গকারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। চার ঘণ্টায় ১৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে, যা ছিল তীব্র, ধ্বংসাত্মক ও স্থায়ী। তিনি এটিকে তার প্রশাসনের ‘সবচেয়ে দুঃখজনক দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ফায়ার ব্রিগেডের মেজর ডেমেট্রিয়াস গোলার্ট বলেন, জুইজ দে ফোরা শহরে মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের ১০৮ জন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে ও উবায় ২৮ জনকে পাঠানো হয়েছে।

ডেমেট্রিয়াস গোলার্ট আর বলেন, যখন বৃষ্টি হচ্ছিল, তখন অনেক মানুষ রাতে বাড়ির ভেতরে ছিলেন। আমরা আশাবাদী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আমরা একটি ছেলে উদ্ধার করেছি। সে বাড়ির ভিতরে ধ্বংসস্তূপের নিচে ছিল। তাকে উদ্ধার করতে দুই ঘণ্টা সময় লেগেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, সরকার যতটুকু সম্ভব সহায়তা করবে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আমাদের লক্ষ্য হলো মানবিক সহায়তা নিশ্চিত করা, মৌলিক সেবাসমূহ পুনরুদ্ধার, স্থানান্তরিত মানুষদের সহায়তা ও পুনর্নির্মাণে সাহায্য করা।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।