ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৪ মার্চ ২০২৬
ছবি: এসপিএ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যেতে চাপ দিচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়বে বলে ট্রাম্পকে জানিয়েছেন সালমান।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েকটি ফোনালাপে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করেছে।

সূত্রগুলো জানিয়েছে, তিনি ট্রাম্পকে ইরানের কট্টরপন্থি সরকারকে সম্পূর্ণভাবে অপসারণের জন্য চাপ দিতে বলেছেন, কারণ তার মতে ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি।

তবে সৌদি ও মার্কিন উভয় সরকারের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেল স্থাপনায় আরও কঠোর হামলা চালাতে পারে এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

এদিকে, ট্রাম্প প্রকাশ্যে কখনও যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনও তা আরও বাড়ার সংকেত দিচ্ছেন। সোমবার (২৩ মার্চ) তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'কার্যকর আলোচনা' হয়েছে—যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, এই অবস্থা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও অনিশ্চিত করে তুলছে এবং বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে।

কে এম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।