যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে: কাতার
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
শেখ মোহাম্মদ বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি সংকট সামুদ্রিক চলাচলের স্বাধীনতাকে সীমিত করছে।
তিনি আরও বলেন, হরমুজ জলপথকে এই যুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে”, যার ফলে উপসাগরীয় দেশগুলো—বিশেষ করে অর্থনৈতিকভাবে—কঠিন প্রভাবের মুখে পড়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। সোমবার (১১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি সাফ বলে দিয়েছেন, এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব আলোচনায় আসে। এতে দুই পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোতে পারত দুই দেশ।
রোববার (১০ মে) ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ নানা দাবির কথা জানায় তেহরান।
সূত্র: আল-জাজিরা
এমএসএম