তুষারপাতে বিপর্যস্ত নিউইয়র্ক
অব্যাহত তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও এর আশেপাশের অঙ্গরাজ্যের জনজীবন। নিউইয়র্কের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সৃষ্টি হয়েছে ভয়াবহ ব্ল্যাক আইসের। দুর্ঘটনা এড়াতে ট্রেন ও যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
যেদিকে দু`চোখ যায়, শুধু শুভ্র বরফের স্তূপ। জানুয়ারির এ সময়টায় তুষারপাত নিউইয়র্কের জন্য সাধারণ ঘটনা হলেও এবারে এর তীব্রতা ছাড়িয়ে গেছে বিগত সময়ের রেকর্ড। প্রচণ্ড ঠাণ্ডার কারণে মুষড়ে পড়েছে নিউইয়র্কের জনজীবন। তাপমাত্রা হীমাঙ্কের ১০ ডিগ্রী নীচে। ফলে তুষার পড়তেই জমে শক্ত হয়ে যাচ্ছে। যাকে ব্লাক আইস বলা হয়। ভয়াবহ পিচ্ছিল এ বরফে দুর্ঘটনা ঘটার আশঙ্কা সব সময়। দুর্ঘটনা এড়াতে নিউইয়র্কের দুটি সাবওয়ে লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে রাস্তা থেকে বরফ সরাতে গিয়েও বিপাকে পড়েছে মানুষ। অনেকেই লবণ ছিটিয়ে ব্ল্যাক আইস প্রতিরোধের চেষ্টা করছেন।
তিনদিন আগেই শীতকালীন তুষার ঝড়ের কবলে নাস্তানাবুদ হয়েছে নিউইয়র্ক। জমে থাকা তুষার পরিষ্কার না হতেই আবারো রোববার থেকে শুরু হয়েছে এ বরফ বৃষ্টি। এবারের তুষারপাত আরো কিছুদিন থাকবে বলে জানান আবহাওয়াবিদরা। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ নিউইয়র্কে ২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে বলেও জানানো হয়েছে।
এআরএস/এমএস