তাইওয়ানে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১
তাইওয়ানের ট্রান্সএশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।
কর্মকর্তারা জানান, বিধ্বস্ত বিমান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ আরোহীকে। গত রাতে নদীতে ভাসমান বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ওপরে তুলে আনা হয়েছে। বিমানটিতে ৫৮ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ৩১ জন চীনের পর্যটক।
স্থানীয় গণমাধ্যমের খবর বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটের এটিআর-৭২ ফ্লাইটটি বুধবার সকালে তাইপের সংহান বিমানবন্দর থেকে তাইওয়ানের উপকণ্ঠে কিনম্যান বিমানবন্দরে যাওয়ার জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরই কিলাঙ নদীতে বিধ্বস্ত হয়।
তাইওয়ানের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) প্রতিবেদনে বলা হয়, একটি সড়ক সেতুতে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং নদীতে পড়ে যায়।
চেন নামের একজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী রয়টার্সকে বলেন, ‘আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি। আমার কাছে এই বিমান বিধ্বস্তের ঘটনা ভিডিও গেমের মতো মনে হয়েছে। ’
আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি উচু একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খাওয়ার পর নদীতে ভূপাতিত হচ্ছে। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আরোহীরা লাইফ জ্যাকেট পরছে এবং হাঁচড়ে বা সাঁতার কেটে পানি থেকে উঠে আসার চেষ্টা করছে।
এআরএস/এমএস