ভারতের স্বরাষ্ট্র সচিব চাকরিচ্যুত


প্রকাশিত: ০৪:৩০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

পররাষ্ট্র সচিবকে বরখাস্তের কয়েকদিনের মাথায় ‘বাধ্যতামূলক’ পদত্যাগ করলেন ভারতের স্বরাষ্ট্র সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে বুধবার রাতে পদত্যাগপত্র পাঠিয়েছেন স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী।

পশ্চিমবঙ্গের আলোচিত সারদা আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের তদন্তে হস্তক্ষেপ করার অভিযোগে অনিল গোস্বামীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে বরখাস্ত করা হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই সচিবকে সরালো মোদি সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার জানিয়েছিলেন, সারদার ঘটনায় সিবিআই তদন্তে কোনো রকম হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

সিবিআই সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। সারদা আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সাবেক ইউপিএ সরকারের মন্ত্রী ও কংগ্রেস নেতা মাতঙ্গ সিংকে কলকাতার নিজস্ব দফতরে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের আগে ওই দিনই মাতঙ্গকে বাঁচাতে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রধান কর্মকর্তাদের ফোন করেছিলেন অনিল গোস্বামী।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।