নারীর সৌন্দর্য চর্চা শয়তানের কাজ : আইএস
নারীর ভূমিকা নিয়ে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা কি ধরনের মনোভাব পোষণ করে, অনলাইনে তার একটি রূপরেখা প্রকাশ করেছে সিরিয়া ও ইরাকে সংগঠনটির সমর্থকরা।
বৃহস্পতিবার বিকেলে বিবিসি বাংলা জানায়, ব্রিটেনের উগ্রপন্থাবিরোধী একজন চিন্তাবিদ আরবিতে লেখা ওই রূপরেখাটি ইংরেজিতে অনুবাদ করেছেন।
এতে বলা হয়েছে, আইএস মনে করে, নারীদের সৌন্দর্য চর্চা শয়তানের কাজ। আইএস সমর্থকরা ওই লেখাটিতে বলতে চেয়েছেন যে, নারীর সমতা অর্জনে পশ্চিমা মডেল ব্যর্থ হয়েছে।
তাদের মতে, নারীদের শিক্ষিত হতে হবে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে। তবে তা সাত বছর থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। এরপর তাদের বিয়ে দিতে হবে ও নিজেদের সবার সামনে থেকে আড়াল করে ফেলতে হবে।
ওই রূপরেখায় আরও বলা হয়েছে, ফ্যাশন-বুটিক ও সৌন্দর্য চর্চার যেসব পার্লার বা দোকানপাট রয়েছে তা হচ্ছে শয়তানের কাজ।
বিবিসির একজন সংবাদদাতা জানান, উপসাগরীয় আরব দেশ বিশেষত সৌদি আরবের নারীদের আইএস সংগঠনে নিয়োগের ব্যাপারে আকৃষ্ট করার লক্ষ্যেই মূলত এই নথিটি প্রকাশ করা হয়েছে।
এএইচ/পিআর