গিরিরাজকে মানসিক হাসপাতালে পাঠানোর পরামর্শ রাজবাব্বরের
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি মন্ত্রী গিরিরাজকে মানসিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা ও অভিনেতা রাজবাব্বর।
পাটনায় তিনি বলেন, ‘গিরিরাজ সিংয়ের মানসিক চিকিৎসার প্রয়োজন। যদি সরকার তার চিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম না হয়, তাহলে আমি তাকে রাঁচি, আগ্রা বা নাগপুরের যেকোনো মানসিক হাসপাতালে চিকিৎসা করানোর ব্যবস্থা করাতে পারি। মানবতার খাতিরে তার প্রতি আমার সহানুভূতি রয়েছে। আমি চিকিৎসার খরচ বহন করতেও রাজি।’
তিনি আরও বলেন, গিরিরাজ সিংয়ের মতো ব্যক্তিরা সমাজের জন্য বিপদ। এ ধরনের মানুষ কীভাবে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পায় তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন তিনি।
কংগ্রেস এমপি রাজবাব্বর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তারা বিদ্বেষ ছড়ানোর রাজনীতি করতে জানে এবং সেটাই করে যাচ্ছে।’
প্রসঙ্গত, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ এবং নিন্দার ঝড় বইছে।
কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং সম্প্রতি মন্তব্য করেন, ‘রাজীব গান্ধী যদি একজন সাদা চামড়ার নারীর বদলে নাইজেরিয়ার নারীকে বিয়ে করতেন, তাহলে কি তিনি কংগ্রেস সভানেত্রী হতে পারতেন?’
বিজেপি মন্ত্রীর এ ধরনের মন্তব্যের পরেই গত বুধবার থেকে ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
এসএস/বিএ/এমএস