বৈশ্বিক ভাবমূর্তিতে রাশিয়ার চেয়েও খারাপ অবস্থানে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সম্পর্কে বৈশ্বিক ধারণা টানা দ্বিতীয় বছরের মতো অবনতি হয়েছে এবং এখন তা রাশিয়ার তুলনায়ও খারাপ অবস্থানে রয়েছে। ডেনমার্কভিত্তিক ‘অ্যালায়েন্স অব ডেমোক্রেসি ফাউন্ডেশন’-এর এক বার্ষিক জরিপে এমন চিত্র দেখা গেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার ( ৮ মে) এই গবেষণা প্রকাশিত হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার কারণে ন্যাটো জোটের সঙ্গে সম্পর্ক ব্যাপকভাবে চাপের মুখে পড়েছে। জরিপে দেখা যায়, বিশ্বের সবচেয়ে বড় হুমকি কোন দেশ? এই প্রশ্নে উত্তরদাতারা রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নামও সর্বাধিক বার উল্লেখ করেছেন।
অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সাবেক ন্যাটো মহাসচিব আন্দ্রিস ফগ রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির দ্রুত অবনতি দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়।
তিনি অভিযোগ করেন, গত ১৮ মাসে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ট্রান্সআটল্যান্টিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করেছে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে এবং ন্যাটো সদস্য দেশের ভূখণ্ড নিয়ে হুমকি দিয়েছে।
জরিপে আরও বলা হয়, ট্রাম্পের শুল্কনীতি, গ্রিনল্যান্ড দখলের হুমকি, ইউক্রেনকে সহায়তা কমানো এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ও তেলের দাম বৃদ্ধির ফলে ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি খুলে দিতে ইউরোপীয় দেশগুলো নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথাও বিবেচনা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
‘ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স’ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেট বৈশ্বিক ধারণা দুই বছরে +২২ শতাংশ থেকে নেমে -১৬ শতাংশে দাঁড়িয়েছে। রাশিয়ার অবস্থান -১১ শতাংশ এবং চীনের +৭ শতাংশ।
নিরা ডেটা পরিচালিত এই জরিপে ৯৮টি দেশের ৯৪ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। ১২ মে অনুষ্ঠিতব্য ‘কোপেনহেগেন ডেমোক্রেসি সামিট’-এর আগে গবেষণাটি প্রকাশ করা হয়।
কেএম