আত্মবিশ্বাস হারাচ্ছেন ভারতের পাইলটরা
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় আল্পস পর্বতমালায় জার্মানির এয়ারবাস-৩২০ ভেঙে পড়ার পর মাত্র কয়েকদিন কেটে গেছে। এরই মধ্যে উৎঘাটন করা হয়েছে দুর্ঘটনার কারণ। এতে বলা হয়েছে মানসিক অবসাদের জেরে দুর্ঘটনা ঘটান বিমানের কো-পাইলট।
এই সত্য সামনে আসার পর এবার অবসাদের ইঙ্গিত দিলেন এয়ার ইন্ডিয়ার পাইলটরাও। বেতন সমস্যা ও কাজের চাপে তারাও অবসাদগ্রস্ত অবস্থায় ককপিটে যাচ্ছেন। এ বিষয়ে ডিজিসিএ-তে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে।
এক কো-পাইলট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেতন সমস্যায় জর্জরিত তারা। রাতে ঠিকভাবে ঘুমোতে পারছেন না। এমনকি কাজ করার মানসিক অবস্থায়ও নেই। সেই সাথে বিমানের যন্ত্রাংশও পুরনো হয়ে গেছে।
জানা গিয়েছে, গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি থেকে পাশ করার পর তাদের এয়ার ইন্ডিয়ায় নেওয়া হয়। তিন বছর পর থেকে তারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ শুরু করবে। প্রতি মাসে তাঁরা যা টাকা পান , তা তাদের মূল বেতনের এক তৃতীয়াংশের বেশি কখনোই নয়। পাশাপাশি, অসুস্থতাতেও কোনো ছুটির অনুমতি মেলে না।
এই মুহূর্তে ভারতের কোনো বিমান সংস্থা নিয়মিত পাইলটদের মানসিক পরীক্ষা করার ব্যবস্থা করে না। শুধু চাকরি শুরুর সময় মানসিক পরিস্থিতি দেখা হয়।
এসএস/বিএ/আরআইপি