ইয়েমেনে ত্রাণবাহী বিমান গতিরোধের জবাব দেবে ইরান
সৌদি মিত্রবাহিনীর জঙ্গি বিমান ইয়েমেনের জন্য ত্রাণ নিয়ে আসা ইরানি বিমানের গতিরোধ করায় তেহরান এর জবাব দেবে বলে ঘোষণা করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তার দেশের ত্রাণ সাহায্যবাহী বিমানকে ইয়েমেনের মাটিতে অবতরণ করতে না দেয়ার সৌদি পদক্ষেপের জবাব দেয়ার এ অঙ্গীকার ব্যক্ত করেন।
রোববার ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেছেন, ইয়েমেনের ওপর সৌদি অবরোধ এবং সেখানে মানবীয় সাহায্য সরবরাহে বাধা দেয়ার পদক্ষেপ জবাবহীন থাকবে না। তিনি বলেন, আমরা আহত ইয়েমেনিদের সরিয়ে আনা ও দ্রুত মানবীয় সাহায্য দেয়াসহ ইয়েমেনের জনগণকে সাহায্য করার সব পন্থার কথা বিবেচনা করছি।
কয়েক দিন আগে কয়েকটি সৌদি জঙ্গি বিমান ত্রাণ সাহায্যবাহী ইরানের একটি বিমানকে ইয়েমেনের বিমানবন্দরে নামতে বাধা দেয় এবং বিমানটিকে তেহরানে ফিরে যেতে বাধ্য করে। ইরান ওই ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছিল।
বিএ/আরআইপি