পতনের দ্বারপ্রান্তে সৌদি আরব : জেনারেল জাফারি


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

ইয়েমেনে হামলাকারী হিসেবে সৌদি আরব এখন পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি। সোমবার আইআরজিসির বিজ্ঞান ও গবেষণা বিষয়ক ষষ্ঠ উৎসবে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
 
ইয়েমেনে সৌদি আগ্রাসন প্রসঙ্গে জেনারেল জাফারি বলেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মতো ইসলামবিরোধী কিছু দেশ দখলদার ইসরাইলের পথ অনুসরণ করছে। তিনি বলেন, সৌদি আরব হচ্ছে বিশ্বাসঘাতক। সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীনচেতা দেশ ইয়েমেনের ওপর হামলার ক্ষেত্রে সব ধরনের মানবিক ও ইসলামি মূল্যবোধ লঙ্ঘন করেছে সৌদি আরব।
 
ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিষয়ে ইরানের কিছু কর্মকর্তা নীরব ভূমিকা পালন করছেন বলে উল্লেখ করেন জেনারেল জাফারি। তিনি বলেন, সৌদি আরব সব সীমা অতিক্রম করে ইয়েমেনে আগ্রাসন চালিয়েছে। কাজেই সৌদি আরবকে কোনো ছাড় দেয়া যাবে না। তিনি বলেন, ইয়েমেনের জনগণ ইরানের ইসলামী বিপ্লবকে আদর্শ হিসেবে ধারণ করে তাদের দেশেও বিপ্লব সফল করেছে। এ ঘটনার বড় ধরনের প্রভাব রয়েছে।
 
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাবে কমিউনিজমের পতন ঘটেছিল। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের আলে সৌদ সরকারের পতন ঘটবে। বর্তমান আলে-সৌদ পরিবার সৌদি আরব শাসন করছে এবং এ পরিবারের নামেই দেশটির নামকরণ করা হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।