পরমাণু আলোচনায় ছাড় দেবে না ইরান : আরাকচি
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনায় বিশেষ কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ পরমাণু আলোচক আব্বাস আরাকচি। একইসঙ্গে তিনি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন নতুন কোনো ঘটনা নয়।
নিউ ইয়র্কে অবস্থানরত আরাকচি সোমবার বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির (এনপিটি) একটি মৌল নীতি হচ্ছে- পরমাণু স্থাপনা পরিদর্শন করা। যেসব দেশ এনপিটিতে সই করেছে এবং শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে তাদের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের পরিদর্শকদের গ্রহণ করতেই হবে।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু চুক্তি হলে তেহরানকে তার পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের স্থায়ীভাবে পরিদর্শনের সুযোগ দিতে হবে। কেরির এ বক্তব্যের জবাবে আরাকচি এসব কথা বলেছেন।
ইসরাইলের চ্যানেল-১০কে দেয়া সাক্ষাৎকারে কেরি বলেছিলেন, চুক্তি হলে ইরানে প্রতিদিন পরমাণু পরিদর্শক থাকবেন। এটা ১০ বছরের চুক্তি হবে না, হবে চিরজীবনের জন্য। সে কারণে তেহরানে পরিদর্শক থাকবে।
বিএ/আরআই