ত্রাণে পুরনো কাপড় না পাঠাতে ভারতকে নেপালের অনুরোধ


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৬ মে ২০১৫

ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের দুর্যোগাক্রান্ত মানুষের জন্য ত্রাণ হিসেবে পুরনো কাপড় না পাঠাতে ভারতকে অনুরোধ জানিয়েছে নেপাল সরকার। শুধু তাই নয়, পুরনো শতচ্ছিন্ন কাপড় ত্রাণ হিসেবে অসহায় মানুষের কাছে পাঠানোর বিষয়টিকে খাওয়া শেষে থালায় পড়ে থাকা এঁটো খাবার-এর সঙ্গে তুলনা করছেন নেপালের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নেপালিরা কারও এঁটো বা উচ্ছিষ্ট খাবার খাবে না। খবর হিন্দুস্তান টাইমস।

নেপালের অসহায় মানুষের জন্য সারা বিশ্বের প্রায় ৩০টি দেশ এবং জাতিসংঘ ও রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থা প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য সাহায্য পাঠাচ্ছে। ভূমিকম্পের পর থেকেই প্রতিবেশী দেশ হিসেবে ভারত তাৎক্ষণিকভাবে নেপালকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পুরনো কাপড়ের বিষয়ে নেপালের আপত্তি প্রথম প্রকাশিত হয় (২ মে) রেলপথে ত্রাণের প্রথম সরবরাহটি (১৭১ টন) নেপালে পৌঁছানোর পর।

ভারতের পাঠানো ত্রাণের কাপড়ের মধ্যে চটের বস্তাও রয়েছে, যা মেনে নিতে পারেনি নেপাল। বিদেশী পণ্য হিসেবে ত্রাণ প্রবেশ করতে দেয়ার সময় নেপালের শুল্ক কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারার সময় এ ধরনের অসংখ্য পণ্য পেয়েছেন।
ইন্দো-নেপাল যৌথ প্রকল্প হিমালয়ান টার্মিনাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বি মোহন এ প্রসঙ্গে বলেন, পুরনো কাপড়ের পুরো চালানই আমি আমাদের বন্দরে ময়লার গুদামে ফেলে দিয়েছি। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিক সাহায্যের কারণে ভারতের কাছে নেপাল কৃতজ্ঞতাও জানিয়েছে।

এদিকে নেপালে ত্রাণ হিসেবে পুরনো কাপড়ের বিষয়ে তদন্ত করছে ত্রাণ সরবরাহের দায়িত্বে থাকা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নেপালের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর থেকেই পরীক্ষা করে তবেই ত্রাণ পাঠানো হচ্ছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।