আপ মুঝ পে ভরসা রাখিয়ে : কথা রাখলেন মোদি
ভারতের স্থলসীমান্ত চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া কথা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ভারতের ইন্ডিয়া এক্সপ্রেসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুদ্ধদ্বার বৈঠক হয়। এ বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদির কাছে স্থলসীমান্ত চুক্তির বিষয়ে জানতে চান। জবাবে মোদি বলেন, আপ মুঝ পে ভরসা রাখিয়ে (আপনি আমার উপর ভরসা রাখতে পারেন)।
দুই দেশের শীর্ষ এ দুই নেতার আলাপের পর গত দুই সপ্তাহ আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার। এসময় তাকে স্থলসীমান্তের বিষয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জিজ্ঞেস করলে তিনিও তাদের আশ্বস্ত করেন। মঙ্গলবার আসামকে বাদ দিয়ে স্থলসীমান্ত বিল ভারতের মন্ত্রিসভায় অনুমোদন হয়।
এ ব্যাপারে পত্রিকাটির পক্ষ থেকে বাংলাদেশের কূটনীতিদের কাছে ফোনে মতামত জানতে চাওয়া হলে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানান, খবরটা শুনে আমরা খুশি। ফোনে তিন কর্মকর্তা জানান, মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ায় আমরা খুশি। তবে অপেক্ষায় আছি, রাজ্যসভায় বিলটি নিয়ে কী হয় তা দেখার জন্য। আমরা এ বিলটির জন্য চার বছর ধরে অপেক্ষা করছি।
এএইচ/বিএ/এমএস