পোপের সঙ্গে সাক্ষাৎ করবেন রাউল ক্যাস্ট্রো


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৬ মে ২০১৫

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো আগামী রোববার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। হলি সি’র মুখপাত্র ফেডারিকো লমবার্ডি মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাউল ক্যাস্ট্রো আগামী রোববার সকালে পোপের সঙ্গে একান্ত বৈঠক করবেন।

গত মাসে ভ্যাটিকান ঘোষণা করেন যে, আর্জেন্টিনার বংশোদ্ভূত পোপ সেপ্টেম্বরে কিউবা যাবেন। তৃতীয় পোপ হিসেবে তিনি এ সফর করবেন। এর আগে ১৯৮৮ সালে দ্বিতীয় জন পল ও ২০১২ সালে ষোড়শ বেনেডিক্ট কিউবা সফর করেন। পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফরের পর সেপ্টেম্বরে কিউবা যাবেন।

ফ্রান্সিস ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে মধ্যস্থতা করেন। গত অক্টোবরে ভ্যাটিকানে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। গোপন সমঝোতার অংশ হিসেবে ২০১৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটন ও হাভানার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা আসে।
পোপ ফ্রান্সিস সেপ্টেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত সফরে যাবেন। সেখানে তিনি ফিলাডেলফিয়ায় একটি ক্যাথলিক গীর্জায় প্রার্থনা সভায় অংশ নেবেন। সফরকালে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সামনে ভাষণ দেবেন। তিনি প্রথম পোপ হিসেবে মার্কিন কংগ্রেসেও বক্তৃতা করবেন। পোপ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।