ঘুষ দেয়া হয়েছিল সৌদির সাবেক যুবরাজকে!
সম্প্রতি সৌদি আরবের রাজার সৎ ভাই মুকরিন বিন আবদুল আজিজকে যুবরাজের পদ ছেড়ে দেয়ার জন্য রাজা সালমান ঘুষ দিয়েছেন বলে রিয়াদের কোনো কোনো সূত্র জানিয়েছে। পরবর্তী রাজা হওয়ার জন্য সচেষ্ট বর্তমান সৌদি রাজার ছেলে মুহাম্মাদ বিন সালমান মুকরিনকে এক হাজার কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছেন বলে সৌদি রাজনৈতিক কর্মী মুজতাহিদ জানিয়েছেন।
মুকরিনের মা ইয়েমেনি হওয়ায় এবং তিনি ইয়েমেনে সৌদি হামলার বিরোধী হওয়ায় তাকে যুবরাজের পদ হারাতে হয়েছে বলে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন। মুজতাহিদের সঙ্গে সৌদি রাজ-পরিবারের ব্যাপক যোগাযোগ ও সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
ইন্টারনেট-ভিত্তিক সামাজিক প্রচারমাধ্যম টুইটারে সৌদি সরকারের বিরুদ্ধে তার প্রচার অভিযান বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে সৌদি রাজার ছেলে মুহাম্মাদ বিন সালমান টুইটারে শত শত একাউন্ট খুলেছেন এবং তার পক্ষে প্রচারণা চালাতে বহু কর্মচারী নিয়োগ করেছেন বলে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।
গত মাসের ২৯ তারিখে জারি করা ফরমান বলে সৌদি রাজা সালমান দেশটির যুবরাজ ও পররাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেন। এ ফরমান বলে মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আলে সৌদকে সৌদি আরবের নতুন যুবরাজ হিসেবে ঘোষণা করা হয়।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদেল বিন আহমেদ-জুবাইরকে।
বিএ/আরআইপি