সিংহের সংখ্যা বাড়ছে ভারতে
প্রতিবেশী দেশ ভারতে বাড়ছে পশুরাজ সিংহের আনাগোনা। সিংহের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে গেছে দেশটিতে। প্রথম পর্যায়ের সুমারি শেষে দেখা গেছে, গত ৫ বছরে ভারতে সিংহের সংখ্যা বেড়েছে ১৫ থেকে ২২ শতাংশ। শুধু গুজরাটেই রয়েছে ৫০০টি সিংহ।
সুমারির সঙ্গে যুক্ত কর্মকর্তরা জানিয়েছেন, গুজরাটের গির অভয়ারণ্যে এশিয়াটিক সিংহের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ সিংহগুলোর মধ্যে বেশির ভাগেরই বয়স তিন বছরের মধ্যে। গির পার্কে আড়াইশো সিংহের বসবাসের মতো জায়গা রয়েছে।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, সিংহের সংখ্যা বেড়ে ৩০০ ছুঁতে চলেছে। ফলে পরবর্তী ক্ষেত্রে স্থান সঙ্কুলানের সমস্যা দেখা দিতে পারে। শুধু গিরেই নয়, গুজরাটের উপকূলীয় এলাকাগুলোতেও সমান হারে বেড়েছে সিংহের সংখ্যা।
সুমারি বলছে, গতবারের পরিসংখ্যান বলছে উপকূলীয় এলাকায় সিংহের সংখ্যা ছিল ১১৪। এবারে তা হয়তো দেড়শো ছাড়িয়ে যাবে।
বিএ/আরআইপি