৪০ অভিবাসীর মৃত্যুর পর ইইউ’র সাহায্য চেয়েছে ইতালি


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৬ মে ২০১৫

ইউরোপে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে ইতালির উপকূলের অদূরে এক নৌডুবির ঘটনায় প্রায় ৪০ অভিবাসীর মৃত্যুর পর দেশটি মঙ্গলবার বিপদ সঙ্কুল এই পথে অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সাহায্য চেয়েছে।

ওই দুর্ঘটনায় যারা জীবিত তারা জানিয়েছে, নৌযানটি ফুটো বা বিস্ফোরিত হওয়ার সময় তাতে ১৩৭ আরোহী ছিল। এরপর চলতি সপ্তাহান্তে ইতালির নৌবাহিনী ও উপকূল রক্ষীরা সাগরে অভিযান চালিয়ে সমুদ্র থেকে প্রায় ৬ হাজার মানুষকে উদ্ধার করেছে।

সেভ দ্য চিল্ড্রেনের মুখপাত্র গিওভান্না ডি বেনেডিতো বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এই ঘটনা থেকে জীবিত উদ্ধার প্রাপ্তদের অনেকে ‘বেশ কিছুসংখ্যক মানুষ’ এবং অন্যান্যরা ‘প্রায় ৪০ জন’ মারা যাওয়ার কথা জানিয়েছেন।’

ইতালির নেতৃবৃন্দ জানান, সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত রেকর্ডসংখ্যক লোক দেশটির দক্ষিণাঞ্চলীয় সৈকতে পৌঁছেছে। গত বছর ১ লাখ ৭০ হাজার লোক অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি মানবপাচারের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য চান।

পাশাপাশি তিনি ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত প্রক্রিয়ার সংস্কারের কথাও উল্লেখ করেন।

চলতি বছরের শুরু থেকে ১ হাজার ৭৫০ জনের বেশি অভিবাসী লিবিয়া ও ইতালির মধ্যবর্তী সমুদ্রে ডুবে মারা গেছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।