নিরাপত্তা পরিষদে স্থায়ী পদে ভারতকে চায় ফ্রান্স


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৬ মে ২০১৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী পদের দাবি বহুদিনের। নরেন্দ্র মোদীর সফরকালে আমেরিকার ওবামা প্রশাসন এ ব্যাপারে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ও জরুরি বলে মনে করছে তারাও।

মঙ্গলবার জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি ফ্রাঁসোয়া দেলাত্রে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী, উভয় সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষপাতী ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের ক্ষতির কথা চিন্তা করে তাদের উপযুক্ত মর্যাদা দানের অবশ্যই পক্ষপাতী ফ্রান্স। তবে তার পাশাপাশি ভারত, ব্রাজিল ও আফ্রিকার প্রতিনিধিত্বের বিষয়টিও আমাদের বিবেচনাধীন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাঙ্গ হওয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে এ কথা জানান ফ্রাঁসোয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের দাবির প্রতি ফ্রান্সের এই সমর্থন খুবই তাৎপর্যপূর্ণ।

বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে রয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চীন। সব কটি দেশই পরমাণু শক্তিধর।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।