লাদেন সংক্রান্ত প্রতিবেদন মিথ্যা : হোয়াইট হাউজ


প্রকাশিত: ০৫:০০ এএম, ১২ মে ২০১৫

সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন-লাদেনকে হত্যা অভিযানের বিষয়ে পুলিৎজার পুরস্কার বিজয়ী  আমেরিকার খ্যাতনামা অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেইমোর হার্শ’এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে হোয়াইট হাউজ। সোমবার  দৈনিক প্রেসব্রিফিং’এর সময় হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট এ দাবি করেন।

তিনি বলেন, হার্শের নিবন্ধের কোনো কথাই ঠিক নয়। তবে বিন লাদেনকে হত্যার ঘটনা ওবামার দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে নিবন্ধে হার্শ যে অভিযোগ করেছেন তার সরাসরি কোনো জবাব দিতে অস্বীকার করেন হোয়াইট হাউজ মুখপাত্র।

এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক উপ পরিচালক মাইক মোরেলের বক্তব্য তুলে ধরে জোশ আর্নেস্ট বলেন, হার্শের নিবন্ধের প্রতিটি শব্দই ভুল। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বারগেনের বক্তব্য তুলে ধরেন আর্নেস্ট। বারগেন দাবি করেন, হার্শের নিবন্ধে যে সব সত্য কথা বলা হয়েছে তা নতুন নয় আর নতুন যে সব কথা বলা হয়েছে তা সত্য নয়।

অবশ্য হার্শ বলেন, বিন লাদেনকে হত্যার অভিযানের বিষয়ে ডাহা মিথ্যা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের ভূমিকাকে বড় করে দেখানো এবং বিন লাদেন বিরোধী অভিযানের কৃতিত্ব নেয়ার জন্য পাকিস্তানের বিশেষ বাহিনীর ভূমিকার কথা ধামাচাপা দিয়েছেন তিনি।

`লন্ডন বুক রিভিউ’তে প্রকাশিত এ নিবন্ধে আরো বলা হয়েছে, বিন লাদেনের লাশ সাগরে ফেলে দেয়া হয় নি বরং তাকে আফগানিস্তানে কবর দেয়া হয়েছে। আমেরিকা ও পাকিস্তানের সাবেক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ সব তথ্য দিয়েছেন হার্শ।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।