নিজের মেয়ের ঘুষের কথা স্বীকার করলেন কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তার শাসনামলে দিল্লির সার্বিক দুর্নীতি ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে। এক্ষেত্রে নিজের মেয়ের ঘটনা টেনে এনেছেন তিনি। কেজরিওয়াল জানান, নিজের পরিচয় চেপে তার মেয়ে হর্ষিতা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সম্প্রতি মোটর ভেহিকলসের এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে।
এমনকী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সে যেকোনো অর্থ দিতে প্রস্তুত, তাও ওই কর্মকর্তাকে জানায়। কিন্তু, সেই কর্মকর্তা তা নাকচ করে দেন। তিনি বলেন, পরে তার মেয়ের আসল পরিচয় জেনে সকলেই লাইসেন্সের প্রক্রিয়া দিতে এগিয়ে আসেন।
কিন্তু, ঘুষ না নেওয়ার বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন বলে উল্লেখ করে কেজরিওয়াল বলেন, এর থেকেই স্পষ্ট মানুষের মধ্যে দুর্নীতি-মনোভাবের অনেকটাই বদল হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই ছিল তার দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির অন্যতম। বস্তুত, গত ৫ এপ্রিল আপ সরকার দুর্নীতি-বিরোধী ‘১০৩১’ নম্বরের হেল্পলাইনও চালু করে।
সেখানে জনগণকে অনুরোধ করা হয়, যেকোনো সরকারি-স্তরের দুর্নীতির স্টিং অপারেশনের ভিডিও পাঠাতে। চালু হওয়ার পর থেকে এ হেল্পলাইনে প্রায় সোয়া এক লক্ষ ফোন কল এসেছে।
এসকেডি/বিএ/আরআই