ফেসবুকে অশ্লীল মেসেজের প্রতিবাদ জানালো প্রেরণা
ফেসবুকে অশ্লীল মেসেজের প্রতিবাদ জানিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রেরণা। জানা যায়,এক বিবাহিত ব্যক্তি অশ্লীল মেসেজ করে তাকে। দু’চারটে এসএমএসের পর কড়া ভাষায় উত্তর দেয় প্রেরণা। স্পষ্টভাবে লিখে দেয়, ফেসবুকে মেয়েরা এই ধরনের চ্যাট করতে আসে এটা ভাবার কোনও কারণ নেই। এরপর এই কথোপকথনের ‘স্ক্রিনশট’ নেয়। সেই ছবি পোস্ট করে দেয় ওই ব্যক্তির ওয়ালে।
মেয়েদের এমন প্রতিবাদ তো ভালোভাবে নেয়া যায় না। একের পর এক ফোন আসতে শুরু করল প্রেরণার কাছে। কেন এমন প্রশ্নে উত্তর দিল সে, এটা তারই অপরাধ। কিছুদিনের মধ্যেই রওশন কুমার নামে ওই ব্যক্তির প্রোফাইল থেকে ফেসবুক অশ্লীল চিহ্নিত করে পোস্টটি তুলে নেয়। এরপর সে আবার পোস্ট করে। বন্ধুদেরও পোস্টটি শেয়ার করতে অনুরোধ করে।
তার প্রতিবাদের সমর্থনে হাজার হাজার শেয়ার হয়। অবশেষে পোস্টটি চোখে পড়ে স্পেশাল কমিশনার অফ পুলিশ (ট্রাফিক), মুক্তেশ চন্দার। তিনি এফআইআর করতে বলেন। প্রেরণা জানিয়েছে, পরীক্ষা চলছে তার। শেষ হলে সে যাবে থানায়। প্রেরণার এই নজির অন্য মেয়েদেরও সাহস যোগাবে বলেই মনে করছে সে।
এসকেডি/আরআইপি