নিষিদ্ধ হতে পারে ম্যাগি নুডলস


প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৮ মে ২০১৫

আপনি বা আপনার শিশুটি কি ম্যাগি নুডলস খেতে পছন্দ করেন? তাহলে ভেবে দেখার সময় এসেছে।

ম্যাগি ইন্সট্যান্ট নুডলসে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর মনোসোডিয়াম গ্লুমেট এবং সীসা বেশি মাত্রায় পাওয়া যাওয়ায় এর লাইসেন্স বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে ভারত সরকার।

লক্ষ্ণৌ এর খাদ্য নিরাপত্তা বিভাগ ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড অথোরিটি একটি প্রতিবেদনে বলেছে, অবিলম্বে যেন ম্যাগির লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। কারণ উত্তরপ্রদেশের কিছু এলাকা থেকে নমুনা সংগ্রহ করে দেখা গেছে উল্লিখিত পরিমাণের থেকে বেশি পরিমাণের মনোসোডিয়াম গ্লুমেট এবং সীসা পাওয়া গেছে ম্যাগিতে, যা শরীরের পক্ষে ক্ষতিকর।

লক্ষ্ণৌ ছাড়াও, কলকাতার এক পরীক্ষাগারেও ম্যাগিতে অনুমিত মাত্রার চেয়ে বেশি মনোসোডিয়াম গ্লুমেট ও সীসা পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এইচডব্লিউও) পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনও খাবারে প্রতি মিলি লিটারে ০.০১ শতাংশ সীসা থাকতে পারে, সেখানে ম্যাগিতে প্রতি মিলিলিটারে ১৭ শতাংশ সীসা পাওয়া গেছে। তবে ম্যাগির প্রস্তুতকারক সংস্থা নেসলে এই সমস্ত অভিযোগই নাকচ করে বলেছে, তারা কোনও খাদ্যপণ্যেই মনোসোডিয়াম গ্লুমেট মেশায় না।

মনোসোডিয়াম গ্লুমেট মূলত কোনও খাবারে মেশানো হয় স্বাদ বাড়ানোর জন্যে। স্বল্প পরিমাণে মনোসোডিয়াম গ্লুমেট খাবার এবং মানুষের শরীরের পক্ষে নিরাপদ হলেও এর অতিরিক্ত পরিমাণে ব্যবহার ও দীর্ঘদিন ধরে ব্যবহার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

বাংলাদেশেও, বিশেষ করে শিশুদের মধ্যে, বেশ জনপ্রিয় এই ম্যাগি নুডলস।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।