মিয়ানমার সীমান্তে অস্ত্রের মহড়া চালাবে চীন
চীনসহ দক্ষিণপূর্ব এশিয়ায় জাতিগত সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটির সামরিক বাহিনী মিয়ানমার সীমান্তের কাছে অস্ত্র মহড়া চালাবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
সোমবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ইউনান প্রদেশে মঙ্গলবার এ মহড়া শুরু হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। এ মহড়ায় কী ধরনের অস্ত্র ব্যাহার করা হবে সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় শান রাজ্যে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মহড়ার এ ঘোষণা এল। এদিকে দেশটি গত ফেব্রুয়ারি মাসে কোকাং অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে।
গত মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় দুই দফা বোমার বিস্ফোরণে পাঁচজন আহত হয়। এদের মধ্যে একজন চীনের এবং চারজন মিয়ানমারের নাগরিক।
গত মার্চ মাসে মিয়ানমারের একটি যুদ্ধবিমান থেকে একটি আখক্ষেতে বোমা ফেলা হলে চীনের পাঁচ নাগরিক নিহত ও অপর আটজন আহত হয়। এ ঘটনার পরই বেইজিং ওই সীমান্তে টহল দিতে যুদ্ধবিমান পাঠিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে।
এসকেডি/আরআই