গ্রীষ্মকালে বড় সামরিক মহড়া চালাবে রাশিয়া
রাশিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তে চলতি গ্রীষ্মকালে ৪০টি বড় আকারের সামরিক মহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জুন মাসের পয়লা তারিখ থেকে দেশটিতে সশস্ত্র বাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শুরু হয়েছে। শীতকালের তুলনায় চলতি গ্রীষ্মকালে মহড়া দেড় গুণ বাড়ানো হবে বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর মধ্যে সর্ববৃহৎ সামরিক মহড়া মঙ্গোলিয়ার সীমান্তের কাছে সুগোল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এতে কৌশলগত, বিশেষ এবং বিমান মহড়া অন্তর্ভুক্ত থাকবে। এ মহড়া নভেম্বরের শেষ পর্যন্ত চলবে এবং রুশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ যোগ দেবে।
সমগ্র রাশিয়া জুড়ে চারদিনের সামরিক মহড়া শেষে নতুন এ মহড়ার ঘোষণা দেয়া হলো। সদ্য সমাপ্ত এ মহড়ায় ১২ হাজার সেনা এবং শত শত জঙ্গিবিমান ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অংশ নিয়েছে।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রুশ সীমান্তের কাছে যখন ন্যাটো সামরিক অবস্থান জোরদার করছে তখন নতুন মহড়ার ঘোষণা দিল মস্কো। দু’সপ্তাহের আর্কটিক সার্কেল নামের মহড়ায় ন্যাটো দেশগুলোর চার শতাধিক সেনা ও শতাধিক বিমান অংশ নিয়েছিল।
এসকেডি/এমএস