তাদেরকে টয়লেট ঘুরে দেখার আমন্ত্রণ জানাই
তুরস্কের প্রেসিডেন্টের নতুন প্রাসাদ হোয়াইট হাউস কিংবা ক্রেমলিনের চেয়েও বড়। তুরস্কের প্রেসিডেন্ট তার প্রাসাদে সোনায় মোড়ানো টয়লেট আছে বলে যে দাবি করা হচ্ছে তা খন্ডের জন্য বিরোধী দলীয় নেতাকে তার টয়লেট দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতা কেমাল কিলিকদারুগুলু অভিযোগ করেছিলেন যে প্রেসিডেন্ট করদাতাদের অর্থ খরচ করে তার প্রাসাদে সোনায় মোড়ানো টয়লেট বানাচ্ছেন।
জবাবে প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান বলেন, যদি এরকম কোন টয়লেট তার প্রাসাদে বিরোধীরা খুঁজে বের করতে পারেন, তাহলে পদত্যাগ করবো। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন, আমি তাদেরকে আমার টয়লেট ঘুরে দেখার আমন্ত্রণ জানাই।
তুরস্কের প্রেসিডেন্ট যে প্রাসাদে থাকেন, সেটিতে এক হাজারের বেশি কক্ষ আছে। এই প্রাসাদে বসেই এরদোগান যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন তার পেছনে দেখা যাচ্ছিল অনেক সোনালি কারুকার্য খচিত আসবাবপত্র।
এরদোগান এক দশকের বেশি সময় ধরে তুরস্কের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কালে ষাট কোটি ডলারের বেশি অর্থ খরচ করে এই প্রাসাদটি নির্মাণ করেন। ২০১৪ সালের আগষ্টে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি এ প্রাসাদে উঠেন।
এএইচ/এমএস