জেদ্দায় ওআইসির বৈঠক আজ
আন্তর্জাতিক ইসলামি সংস্থা ওআইসির বৈঠক বসছে আজ বুধবার। ধর্ম অবমাননার বিষয় নিয়ে আজকের এ বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে বসছেন অন্তত ৯০জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এরা সবাই মানবাধিকার, সংখ্যালঘু, আইন ও রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ। তারা “ধর্মীয় অবমাননা” বিষয়ে জাতিসংঘ সনদ বাস্তবায়নের একটি কর্মপরিকল্পনা তৈরি করবেন। খবর সৌদি গেজেট।
খবর বলা হয়, দুই দিনের ওই বৈঠকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ইউএনএইচসিআর) প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠার বিভিন্ন উপায় বিবেচনা করা হবে। ধর্মীয় কারণে ঘৃণা, বৈষম্য, অসহিষ্ণুতা ও সহিংস কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন এবং ধর্মীয় অসহিষ্ণুতা থেকে উদ্ভূত নানা ধরণের উদ্বেগের বিষয়গুলোর অবসান ঘটানোই ইউএনএইচসিআর-এর প্রস্তাবের লক্ষ্য।
জেদ্দা বৈঠকে ওআইসি সদস্য দেশ, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন।
উল্লেখ্য, ধর্মীয় অবমাননার বিষয় নিয়ে এর আগে ওয়াশিংটন, লন্ডন, জেনেভা ও দোহায় চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এএইচ/এমএস