ভারতে ম্যাগি ‘নিষিদ্ধ’


প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ জুন ২০১৫

ভারতের কেন্দ্রীয় সরকারের ভাণ্ডারে এখন থেকে আর মিলবে না ম্যাগি নুডলস। বুধবার দেশটির কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে সরকারি বিপণন গুলিতে ম্যাগির বিপণন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। ম্যাগি বিতর্কে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর সক্রিয় ভূমিকা নিল দেশটির কেন্দ্রীয় সরকার। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ভাণ্ডার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের বিপণনী এবং রেলওয়ে স্টেশনে পাওয়া যাবে না ম্যাগি।

এদিকে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘ম্যাগির কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। তা ল্যাবরটরিতে পাঠানোও হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবে সরকার।’

বাংলাদেশে টিকে গেলেও ভারতে একের পর এক রাজ্যে নিষিদ্ধ হচ্ছে ম্যাগি ন্যুডলস। এরই ধারাবাহিকতায় বুধবার নেসলে ইন্ডিয়ার এ পণ্যটি নিষিদ্ধ করেছে দিল্লি সরকার। আরও অন্তত ১০টি রাজ্য ম্যাগির নমুনা পরীক্ষা করে দেখছে। আগামী কয়েকদিনের মধ্যেই চলে আসবে সেই রিপোর্টগুলো।

তামিলনাড়ু সরকারও ম্যাগির নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাগির নমুনা পরীক্ষার রিপোর্ট মেলার অপেক্ষায় রয়েছে তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশও। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং কেরালা সমস্ত খুচরো বিক্রেতাদের ম্যাগি বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে।

তবে বাংলাদেশের বাজারে থাকা জনপ্রিয় পাঁচটি ব্র্যান্ডের ইন্সট্যান্ট নুডলসে মানবদেহের জন্য ক্ষতিকর সিসা বা মাত্রাতিরিক্ত মনোসোডিয়াম গ্লুটামেট পায়নি খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটির মহাপরিচালক ইকরামুল হক জানান, ‘আমরা বাংলাদেশের বাজারে থাকা মোট পাঁচটি ব্র্যান্ডের ইন্সট্যান্ট নুডলস পরীক্ষা করেছি। এগুলো হলো- ম্যাগি, ডুডলস, ইফাদ, মামা ও মিস্টার নুডলস। এগুলোর কোনোটিতেই সিসার উপস্থিতি পাওয়া যায়নি।’

বুধবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, ম্যাগির ১৩টি নমুনা পরীক্ষা করে ১০টিতেই মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতির প্রমাণ মেলায় মিলেছে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরপরই দিল্লির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে ম্যাগি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। একইসঙ্গে সবকটি কেন্দ্রীয় সংরক্ষণাগারেও ম্যাগিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আরো জানান, এটা ব্র্যান্ডিংয়ের অপব্যবহার।

এদিকে ম্যাগির উৎপাদক প্রতিষ্ঠান নেসলের বিরুদ্ধে মামলা দায়েরসহ এবং জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। এই প্রসঙ্গে বুধবার নেসলের শীর্ষ কর্মকর্তাদেরও ডেকে পাঠানো হয়। নেসলের প্রতিনিধিদলের সামনে পরীক্ষার ফলাফল পেশ করা হয়। জানা গেছে, ম্যাগির টেস্টমেকারে সিসার পরিমাণ অত্যাধিক বেশি পাওয়া গেছে। যদিও, বৈঠকের পর ম্যাগি নিষিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেননি নেসলের কর্মকর্তারা।

ভারতে ম্যাগি-বিতর্কের সূত্রপাত হয় গত মাসে। ম্যাগির মধ্যে ক্ষতিকারক সিসা ও এমএসডি (মোনোসোডিয়াম গ্লুটামেট) মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় গত মাসে দেশটির সমস্ত বাজার থেকে ম্যাগির একটি ব্যাচ তুলে নেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের এফডিএসএ।

এদিকে, ম্যাগি বিতর্কের জেরে এক ধাক্কায় নেসলে ইন্ডিয়ার শেয়ারের দাম কমেছে ১০ শতাংশেরও বেশি। নেসলে ইন্ডিয়ার ম্যাগি বিক্রি বন্ধ করেছে ভারতের অনলাইন ভিত্তিক মার্কেটিং এর বৃহৎ প্রতিষ্ঠান বিগবাজারও। গ্রাহকদের স্বার্থেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিগবাজারের মালিক ফিউচার গোষ্ঠী।

এর মধ্যেই মঙ্গলবার ম্যাগির তিন ব্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন, প্রীতি জিনতা এবং মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় বিহারের একটি স্থানীয় আদালত।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।