ফ্লাইট এমএইচ৩৭০’র অনুসন্ধান এলাকা বাড়ছে না : অস্ট্রেলিয়া
সুনির্দিষ্ট নতুন কোনো তথ্য না পেলে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০-এর বর্তমান অনুসন্ধান এলাকার পরিধি আর বাড়ানো হবে না। বুধবার অস্ট্রেলিয়ার কর্মকর্তারা এ কথা জানান।
কুয়ালালামপুর থেকে বেইজিং অভিমুখী এ বিমান নিখোঁজ হওয়ার এক বছরের বেশী সময় পর গত এপ্রিল মাসে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন বিমানটির অনুসন্ধান এলাকা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিল। বিমানটিতে ২৩৯ জন আরোহী ছিল। এদের অধিকাংশ চীনের নাগরিক।
এই পরিকল্পনার আওতায় বিশেষায়িত তিনটি জাহাজ দিয়ে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় দুর্গম এলাকায় অনুসন্ধান চালানো হয়। তবে অস্ট্রেলিয়ার নেতৃত্বে গঠিত জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টারের (জেএসিসি) হাল নাগাদ এক খবরে বলা হয়, তারা মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান এলাকার পরিধি আর বাড়াবে না।
একে/আরআই