ভারতের পর এবার নেপালে নিষিদ্ধ ম্যাগি


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৪ জুন ২০১৫

ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ হওয়ার পর এবার নেপালে নিষিদ্ধ হয়েছে ম্যাগি নুডলস। বৃহস্পতিবার নেপাল সরকার দেশটিতে অনির্দিষ্টকালের জন্য ম্যাগি নুডলস আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বুধবার ভারতের কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে দেশটির সকল সরকারি বিপণন কেন্দ্র গুলিতে ম্যাগির বিপণন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

বাংলাদেশে টিকে গেলেও ভারতে ও নেপালে নিষিদ্ধ হচ্ছে ম্যাগি ন্যুডলস। নেসলের এই পণ্যটিতে ক্ষতিকর সিসা বা মাত্রাতিরিক্ত মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়ায় এ সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলি।

তবে বাংলাদেশের বাজারে থাকা জনপ্রিয় পাঁচটি ব্র্যান্ডের ইন্সট্যান্ট নুডলসে মানবদেহের জন্য ক্ষতিকর সিসা বা মাত্রাতিরিক্ত মনোসোডিয়াম গ্লুটামেট পায়নি খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সংস্থাটির মহাপরিচালক ইকরামুল হক সম্প্রতি গণমাধ্যমকে জানান, ‘আমরা বাংলাদেশের বাজারে থাকা মোট পাঁচটি ব্র্যান্ডের ইন্সট্যান্ট নুডলস পরীক্ষা করেছি। এগুলো হলো- ম্যাগি, ডুডলস, ইফাদ, মামা ও মিস্টার নুডলস। এগুলোর কোনোটিতেই সিসার উপস্থিতি পাওয়া যায়নি।’

গত মাসে সর্বপ্রথম ভারতে ম্যাগি-বিতর্কের সূত্রপাত হয়। ম্যাগির মধ্যে ক্ষতিকারক সিসা ও এমএসডি (মোনোসোডিয়াম গ্লুটামেট) মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় গত মাসে দেশটির সমস্ত বাজার থেকে ম্যাগির একটি ব্যাচ তুলে নেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের এফডিএসএ।

এর মধ্যেই গত মঙ্গলবার ম্যাগির তিন ব্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন, প্রীতি জিনতা এবং মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় বিহারের একটি স্থানীয় আদালত।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।