সৌরশক্তিতে চলবে ট্রেন
এবার সৌরশক্তিতে চলবে গোটা ট্রেন। খুব শিগগিরই এই আধুনিক প্রকল্প চালু করবে বলে ভাবনা চিন্তা করছে ভারতের রেলমন্ত্রক। তবে ছোট আকারে ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যেই। তাতে সাফল্য পাওয়ার পর, আগামীদিনে সাশ্রয়ী রেলযাত্রার আশা জাগাচ্ছে সৌরচালিত ট্রেনের স্বপ্ন।
ভারতীয় রেলের ডিভিশনাল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, `পাইলট প্রজেক্ট হিসেবে একটি নন-এসি কোচের মাথার ওপর সোলার প্যানেল লাগানো হয়েছে। এখনও পর্যন্ত এই ট্রায়াল সফল হয়েছে। দিনে ১৭ ইউনিট বিদ্যুত্ উৎপাদন করতে পারছে এই কোচ। এর সাফল্যের ওপর খুব শিগগিরই গোটা ট্রেনকেই সৌরচালিত করার কথা ভাবা হচ্ছে।`
সৌরচালিত একটি ট্রেনে রেলের খরচ বছরে ১.২৪ লক্ষ টাকা কমবে। অরোরা বলছেন, `ট্রেনে সৌরশক্তির ব্যবহারে বিদ্যুতের চাহিদা কমবে, ডিজেলের ব্যবহার কমবে এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইড নির্গত হওয়াও কমবে।`
সমীক্ষা বলছে, একটি ট্রেন সৌরচালিত হলে, বছরে ৯০,০০০ লিটার কম ডিজেল লাগবে এবং ২০০ টন কম কার্বন-ডাই-অক্সাইড বাতাসে নির্গত হবে।
ট্রেনে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে একটা বিশেষ পরিকল্পনা রয়েছে ভারতের রেল দফতরের। তারা চাইছে, ট্রেনের ইঞ্জিনটি থাকবে ডিজেলচালিত। আর ট্রেনের ভেতরে লাইট, ফ্যান, এসি থেকে শুরু করে যাবতীয় বিদ্যুতের উৎস হবে সৌরশক্তি।
ভারতে কর্মচারীদের বেতন দিতেই সবচেয়ে বেশি খরচ হয় কেন্দ্রীয় সরকারের। তার পরের খরচটাই হল রেলে জ্বালানির খরচ। তা কমাতেই সৌরচালিত ট্রেন চালানোর প্রকল্প হাতে নিয়েছে ভারতীয় রেলমন্ত্রক।
বাংলাদেশ রেলওয়েও ভারতের এই দৃষ্টান্ত অনুসরণ করলে রেলের খরচ অনেকটা কমানো যেতে পারে বলে মত অনেকের।
এসআরজে