আফগান নারীদের সঙ্গে তালেবানের বৈঠক
আফগান নারীদের একটি প্রতিনিধি দল তালেবানের সাথে এক বৈঠকে অংশ নিয়েছে। আফগানিস্তানে নারীর অধিকার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খবর-বিবিসির।
বৈঠকটি হয়েছে নরওয়ের রাজধানী অসলোতে। আফগান নারী প্রতিনিধি দলের একজন ছিলেন আফগানিস্তানের একজন সংসদ সদস্য শুকরিয়া বারাকজাই। এই বৈঠকটিকে তিনি ঐতিহাসিক এক ঘটনা বলে উল্লেখ করেছেন।
তিনি জানান, তালেবান প্রতিনিধিদের সাথে আলোচনার সময় তারা আফগানিস্তানে নারীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কথাবার্তা বলেছেন।
বিগত দশকগুলোতে নারীরা যেসব অধিকার অর্জন করেছেন সেগুলো রক্ষার বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
গত মাসে কাবুলের একটি প্রতিনিধি দলের সাথে কাতারে তালেবানের একটি সংলাপ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকটিও ছিল অনানুষ্ঠানিক।
বিশ্লেষকরা বলছেন, এসব বৈঠক ও আলোচনার উদ্যোগ দেখে বোঝা যাচ্ছে যে উভয়পক্ষ ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগির সম্ভাবনা যাচাই করে দেখছেন।
আরএস