আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ পিএম, ২৪ মার্চ ২০২৬
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার/ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের মোবাইল হ্যাক হয়েছে। ফলে তার মোবাইলে থাকা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বেহাত হয়ে গেছে। এসব বিষয় উল্লেখ করে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এমন তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মাহমুদুল হাসান।

জানা যায়, আপাতত তার মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হয়েছে। তবে বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো তার নিয়ন্ত্রণে আনা যায়নি

তিনি জানান, গত ১৮ মার্চ  ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়। এখনো একই অবস্থায় আছে। এই সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে যা যা হয়েছে তার দায়-দায়িত্ব ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নয়। আজ বিটিআরসিকেও এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন বলে তিনি জানান।

জিডির অনুলিপি স্বরাষ্ট্র সচিব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর পাঠানো হয়েছে। বলা হয়েছে, তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে গেছে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বুঝতে পারেননি যে ফোনটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পারার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে যায়।

গত ২২ মার্চ মোবাইল ফোনটি ব্যবহার করতে না পারলে তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। পরে জোহা ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।

তানভীর হাসান জোহা জানান, বিচারপতি অনবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দেওয়া বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে এ ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, আপাতত মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হয়েছে। তবে বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো তার নিয়ন্ত্রণে আনা যায়নি।

এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একই দিনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

এফএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।