ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের অফিস সহায়ক বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ১২ মে ২০২৬

দায়িত্বে অবহেলা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা-মর্যাদা পরিপন্থি কার্যকলাপের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের অফিস সহায়ক মো. রাব্বিল মিয়াকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্তের বিষয়টি জানিয়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার জন্য নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ ও উত্তোলন কার্যক্রম চলাকালে দ্রুত সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে এক আইনজীবীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করা হয়েছে মর্মে অভিযোগ বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

এমন কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বার কাউন্সিলের চেয়ারম্যানের নির্দেশনায় সোমবার থেকেই রাব্বিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সঙ্গে কেন আপনাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

তবে সাময়িক বরখাস্তকালে অফিস সহায়ক রাব্বিল মিয়া বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এফএইচ/এমআইএইচএস
 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।