ছোট সাবান ফেলে না দিয়ে, কাজে লাগাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৮ মার্চ ২০২৬

আমাদের অনেকেরই অভ্যাস, গোসল বা হাত ধোয়ার সময় সাবান একদম ছোট বা পাতলা হয়ে গেলে তা ব্যবহার করা কঠিন মনে করে ডাস্টবিনে ফেলে দেওয়া। অথচ একটু সচেতন হলেই এই ছোট সাবানগুলো ঘরে নানা কাজে ব্যবহার করা সম্ভব।

১. আলমারি সুগন্ধিত রাখুন
আলমারিতে কাপড় রাখা দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে ছোট সাবানের টুকরো ব্যবহার করা যেতে পারে। প্রথমে সাবানগুলো ভালো করে শুকিয়ে নিন। এরপর একটি পাতলা সুতির কাপড় বা জালিদার কাপড়ে ভরে মুখটি বাঁধুন। সেটি আলমারির এক কোণে রাখলে কাপড় থেকে বের হওয়া ভ্যাপসা গন্ধ দূর হয়। আলমারি খুললেই একটি মনোরম সুগন্ধ পাওয়া যায়, যা পোশাককে সতেজ রাখে।

২. জুতার দুর্গন্ধ দূর করুন
জুতা থেকে ঘামের দুর্গন্ধ আসা বড় সমস্যা। এই সমস্যা এড়াতে রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে শুকনো সাবানের একটি ছোট টুকরো রেখে দিন। সাবানটি জুতার আর্দ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ দূর করে, ফলে জুতা দীর্ঘক্ষণ ফ্রেশ থাকে।

৩. বাথরুম ফ্রেশ রাখুন
পরিষ্কার করার পরও অনেক সময় বাথরুমে ভ্যাপসা গন্ধ থেকে যায়। এই ক্ষেত্রে ছোট সাবানের টুকরো বেশ কার্যকর। একটি বাটিতে বা জালিদার ব্যাগে সাবানের কুচিগুলো রেখে বাথরুমের এক কোণে ঝুলিয়ে দিন। বাতাসের আর্দ্রতার সংস্পর্শে সাবান থেকে ধীরে ধীরে সুগন্ধ বের হবে এবং বাথরুম দীর্ঘক্ষণ সতেজ থাকবে।

৪. লিকুইড সোপ বানান ঘরেই
ছোট সাবানের টুকরো ফেলে না দিয়ে লিকুইড সোপ তৈরি করা যায়। সাবানগুলো কুচি করে কেটে নিন। একটি পাত্রে পানি গরম করে ডাবল বয়লার পদ্ধতিতে সাবান গলিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। এটি হ্যান্ডওয়াশ হিসেবে ব্যবহার করা যাবে।

৫. সেলাইয়ের জন্য ব্যবহার করুন সাবান
আপনি যদি বাড়িতে সেলাই করেন, তাহলে শুকনো সাবানের টুকরো ব্যবহার করতে পারেন দর্জির চকের পরিবর্তে। কাপড়ের ওপর মাপ বা মার্কিং করার জন্য সাবান দিয়ে দাগ তৈরি করলে তা স্পষ্ট হয় এবং সেলাই শেষে সহজেই চলে যায়।

ছোট সাবান ফেলে দেওয়ার পরিবর্তে সঠিকভাবে ব্যবহার করলে তা ঘরের নানা কাজে কাজে লাগানো সম্ভব। তাই পরের বার সাবান ছোট হয়ে গেলে তা ফেলার আগে এই সহজ টিপসগুলো ট্রাই করতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, গুড হাউজ কিপিং

আরও পড়ুন:
মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়
বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবে

এসএকেওয়াই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।