ঈদে যেভাবে বানাবেন ছানার রাবড়ি
ঈদের দিন সকালে মিষ্টি ছাড়া উদযাপন অসম্পূর্ণ মনে হয়। এই দিনে ভিন্ন ভিন্ন ধরণের মিষ্টি তৈরি করা হয়, যা খাবার টেবিলকে করে আকর্ষণীয়। নানা ধরনের মিষ্টির সঙ্গে ছানার রাবড়ি তৈরি করতে পারেন। ছানার রাবড়ি বানানো খুবই সহজ। কম সময়েই ঘরে তৈরি করা যায় এবং এটি সুস্বাদু হওয়ায় সবাইকে মুগ্ধ করে।
এবারের ঈদ আয়োজনে অতিথি ও আত্মীয়-স্বজনদের জন্য ছানার রাবড়ি তৈরি করলে উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।
আসুন জেনে নেওয়া যাক ছানার রাবড়ি তৈরি করবেন যেভাবে-

উপকরণ
১. ছানা ১ কাপ
২.দুধ ১ লিটার
৩. গুঁড়া দুধ ৪ টেবিল চামচ
৪. চিনি ১ কাপ
৫. এলাচের গুঁড়া ১ চিমটি
৬. কিশমিশ ২ টেবিল চামচ
৭. কাঠবাদাম গুঁড়া ২ টেবিল চামচ
৮. জাফরান সামান্য (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি
প্রথমে ছানাকে হাতে ভালোভাবে মথে মিহি করে নিন। এরপর একটি ভারী তলার পাত্রে দুধ ফুটিয়ে নিন এবং আঁচ কমিয়ে দিন। দুধের ওপর জমে থাকা সর পাত্রের পাশে সরিয়ে রাখুন। দুধ কমে অর্ধেক হয়ে এলে তাতে চিনি, এলাচ গুঁড়া এবং জাফরান মিশিয়ে দিন। মিশ্রণটি কিছুক্ষণ জ্বাল দিয়ে হালকা নেড়ে নিন। এরপর ঘন দুধে মথানো ছানা ধীরে ধীরে মিশিয়ে নেড়ে রাখুন যতক্ষণ না সব উপাদান এক হয়ে আসে। সব মিশে গেলে কাঠবাদাম ও কিশমিশ দিয়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। চাইলে জিলাপির সঙ্গে পরিবেশন করতে পারেন।
এসএকেওয়াই