পহেলা বৈশাখের ভর্তা রেসিপি
পহেলা বৈশাখ মানেই নতুন বছরের শুরু, আনন্দ-উৎসব আর বাঙালির চিরচেনা খাবারের আয়োজন। এই দিনে পান্তা ভাতের সঙ্গে নানা রকম ভর্তা যেন অপরিহার্য এক স্বাদ-ঐতিহ্য।
কাঁচা মরিচের ঝাঁজ, সরিষার তেলের ঘ্রাণ আর দেশি মশলার মিশেলে তৈরি ভর্তাগুলো শুধু পেট ভরায় না, জাগিয়ে তোলে শৈশবের স্মৃতি আর গ্রামবাংলার আবহ। পহেলা বৈশাখের এই বিশেষ দিনে তাই ঘরোয়া সহজ উপকরণে তৈরি ভর্তার রেসিপি হয়ে ওঠে উৎসবের প্রাণ স্বাদে, গন্ধে আর আবেগে ভরপুর। রইলো রেসিপি-
ইলিশ সরিষা ভর্তা
উপকরণ
- ইলিশ মাছ কয়েক টুকরা (অল্প জিরা গুঁড়া ও লবণ দিয়ে মেখে তেলে খুব মচমচে করে ভেজে নেওয়া)
- সাদা সরিষা বাটা ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
- সরিষার তেল
- পেঁয়াজ কুচি
যেভাবে তৈরি করবেন
প্রথমেই ভাজা ইলিশের কাঁটা ছাড়িয়ে ঝুরি করে নিন। এরপর ইলিশ ঝুরির সঙ্গে সাদা সরিষা বাটা, স্বাদমতো লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ইলিশ সরিষা ভর্তা। এবার পান্তা ভাত অথবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
লইট্টা শুটকি ভর্তা
উপকরণ
- লইট্টা শুটকি হাফ কাপ
- পেঁয়াজ ৩ টা
- রসুন কোয়া ৭- ৮ টা
- মরিচ ৭- ৮ টা (কম বেশি করা যাবে)
- ধনিয়া পাতা কুচি
- লবণ স্বাদমতো
- সরিষার তেল অল্প
যেভাবে তৈরি করবেন
প্রথমে শুটকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর তা তাওয়ায় দিয়ে মচমচে করে ভেজে নিন। এবার একটা তাওয়াতে পেয়াজ, রসুন, মরিচ অল্প আঁচে ভেজে নিন। এরপর এই ভেজে নেওয়া পেয়াজ রসুন মরিচগুলোর সঙ্গে ভাজা শুটকি ধনিয়াপাতা কুচি, লবণ আর অল্প তেল দিয়ে চপার কিংবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই ভর্তা।
মাছের ভর্তা
উপকরণ
- রুই মাছের টুকরো ৩-৪টি (পছন্দ মতো মাছ নিতে পারেন)
- পেয়াজ কুচি
- শুকনা মরিচ টালা
- সরিষার তেল
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাছের টুকেরোগুলো ভালোভাবে ভেজে নিন। এবার মাছের কাঁটা বেছে তাতে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ টালা, সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলে লোভনীয় স্বাদের মাছ ভর্তা।
জেএস/