দেশে প্রশমন সেবার পরিসর সীমিত, বললেন বক্তারা
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে ছাত্র-শিক্ষকদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ ফেব্রুয়ারি নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নটর ডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার প্যাট্রিক গ্যাফনির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া এবং আমেরিকার জন্স হপকিন্স স্কুল অব মেডিসিনের গবেষক ডা. মোহাম্মাদ নাকিবউদ্দীন।
স্বাগত বক্তব্যে ফাদার প্যাট্রিক গ্যাফনি প্যালিয়েটিভ কেয়ার বিষয়টি উপস্থাপন করেন। এ বিষয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে অধিকতর সচেতনতার আহ্বান জানান।
অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদ বলেন, ‘প্যালিয়েটিভ কেয়ার কেবল একটি চিকিৎসা-পদ্ধতি নয়, এটি মানবিক দায়িত্ববোধের প্রকাশ।’ তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে জানার প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ারের পরিসর এখনো সীমিত। ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে শিক্ষার্থীরাই পরিবার ও সমাজে এ ধরনের সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।
- আরও পড়ুন
ডায়াবেটিস রোগীরা রোজার আগে জেনে নিন এই ৫ প্রশ্নের উত্তর
উচ্চ রক্তচাপ: অতিরিক্ত দুশ্চিন্তা ও উত্তেজনা ডেকে আনতে পারে বিপদ
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, ‘প্রতিটি কমিউনিটির সচেতন ও কর্মচঞ্চল অংশ হলো শিক্ষার্থীরা। পরিবার-গোষ্ঠী ও সমাজে শিক্ষার্থীরা সচেতনতা সৃষ্টি, সহানুভূতিশীল আচরণ এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগের মাধ্যমে এ সেবাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে।’
ডা. মোহাম্মাদ নাকিবউদ্দীন বলেন, ‘সহমর্মিতা, সম্মান, মায়া-মমতা ও মানসিক সমর্থন জীবনের শেষ পর্যায়ের কাছাকাছি থাকা মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
প্রশ্নোত্তর পর্বে ছাত্র-শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা বিষয়টি সম্পর্কে আরও জানতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করতে এসে ব্রাদার সুবল রোজারিও নটর ডেম ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে ক্লাব কার্যক্রম চালুর প্রস্তাব দেন।
এসইউ